হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনএইচএর হেল্পলাইন

রাজনীতি

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় চিকিৎসাসেবা পেতে অনেক পরিবারকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা সহায়তা দিতে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে বিশেষ হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামে আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং হাসপাতালে সেবা গ্রহণে সহায়তা করতে স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকরা সরাসরি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহায়তার জন্য দায়িত্ব পালন করছেন ডা. মো. জুলফিকার ও ডা. মাশুক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে রয়েছেন ডা. সাইয়েদ এবং ডা. সানি।

এদিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মাজহারুল ইসলাম।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং আশপাশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেবা সহায়তার জন্য কাজ করছেন ডা. তন্নী শেখ, ডা. আল আমিন, ডা. হাবিব ও ডা. তাওফিক ইমন।

এছাড়া ঢাকা ডিএনসিসি হাসপাতালে দায়িত্বে রয়েছেন ডা. মো. মনিরুজ্জামান ও ডা. উসামা। মিরপুর-২ এলাকার ডা. এমআর খান শিশু হাসপাতালে যোগাযোগের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডা. আশিকুর রহমান শুভকে।

এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের তত্ত্বাবধানে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনটির নেতাদের ভাষ্য, বর্তমানে অনেক পরিবার হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তাই দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করতেই এই স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।