রুমিন ফারহানার বক্তব্য নিয়ে বিভ্রান্তি

রাজনীতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে। ভিডিওটির সঙ্গে যুক্ত একটি ক্যাপশনে দাবি করা হয়, তিনি নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন- “সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এটাই তারেক রহমানের নির্বাচন।”

তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক কোনো বক্তব্য নয় এবং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা তারেক রহমান প্রসঙ্গে দেওয়া হয়নি।

অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মূলত একটি দীর্ঘ আলোচনার অংশ, যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ঘণ্টা। সেই ভিডিওর নির্দিষ্ট একটি অংশ কেটে ভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া হয়েছে। পুরো ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, সংশ্লিষ্ট বক্তব্যটি ভিডিওর প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট থেকে ২ ঘণ্টা ২৫ মিনিট সময়ের মধ্যে রয়েছে।

মূল বক্তব্যে রুমিন ফারহানা অতীতের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। তিনি সেখানে বলেন, দীর্ঘ সময় ধরে দেশে প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচন নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সেগুলোকে অনিয়মপূর্ণ বলে উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটেই তিনি অতীতে সংসদে দেওয়া একটি বক্তব্যের স্মৃতিচারণ করেন। সে সময় তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেছিলেন, “সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ- এটাই বাংলাদেশের নির্বাচন।”

ফ্যাক্টচেককারীরা বলছেন, সেই পুরোনো বক্তব্যের অংশবিশেষ কেটে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে।

বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে আংশিক বা প্রেক্ষাপটবিহীন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। এ ধরনের বিষয় জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই যেকোনো ভাইরাল কনটেন্ট বিশ্বাস করার আগে যাচাই-বাছাই করা জরুরি।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।