মোনামির পদত্যাগে নতুন আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার পদত্যাগকে ঘিরে বিভিন্ন মহলে নানা বিশ্লেষণ সামনে আসছে। এ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, মোনামির পদত্যাগকে শুধুই আবেগ বা ব্যক্তিগত অভিমান হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, ক্ষমতার রাজনীতিতে অনেক সময় পদত্যাগও বড় কোনো পরিকল্পনার অংশ হয়ে ওঠে।
তিনি লেখেন, রাজনীতির ভেতরের হিসাব-নিকাশ সবসময় দৃশ্যমান থাকে না। ছোট কোনো পদ ছেড়ে ভবিষ্যতে আরও বড় জায়গায় যাওয়ার কৌশল হিসেবেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নীলার ভাষায়, বর্তমান পরিস্থিতিকে অনেকেই ভুলভাবে মূল্যায়ন করছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ক্ষমতার বলয়ে আত্মত্যাগের গল্পের আড়ালে প্রায়ই দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য কাজ করে। তাই এই পদত্যাগের পেছনেও সুপরিকল্পিত কৌশল থাকতে পারে বলে মনে করেন তিনি।
নীলা ইসরাফিল তার পোস্টে পদত্যাগকে “নীরব কিন্তু লক্ষ্যভেদী পরিকল্পনা” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সময়ই বলে দেবে এটি কেবল দায়িত্ব ছাড়ার ঘটনা ছিল, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো ভূমিকায় যাওয়ার প্রস্তুতি।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ক্যাম্পাসসহ অনলাইন জুড়ে আলোচনা শুরু হয়।
