জাতীয় ঐক্য প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা ছাড়া দেশে জাতীয় ঐক্য সম্ভব নয়। সরকার জাতীয় ঐক্যের কথা বললেও এই দুটি বিষয় বাস্তবায়ন না করে ঐক্যের পরিবেশ নষ্ট করছে।
সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাঁকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলেছেন, তাঁরা জাতীয় ঐক্যের পক্ষেই আছেন। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশে কখনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। এই দুটি বিষয় মেনে নিলে ঐক্যের জন্য আলাদা কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।
শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার সাড়ে ১৫ বছর আমাদের মতোই মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা সবকিছু ভুলে গেছে। অনেকে মনে করতে পারেন, ক্ষমতা হাতে নেওয়ার পর বোধ হয় তারা ভুলে গেছেন। না, তারা ৬ আগস্ট থেকেই ভুলে গেছেন। ওই দিন থেকেই আওয়ামী লীগ স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছেন।’
প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য লোকদের বসানো হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, তাঁরা শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। কিন্তু এখন সেই দুর্নীতি ও বৈষম্যের সয়লাবে দেশ ভেসে যাচ্ছে। এখন পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দৈনিক টার্গেট 



























