আহত দুই শিক্ষার্থী হলো দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজার নাক ও চোখে আঘাত লাগে। তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল জানান, টিনশেড ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে। কয়েকবার মেরামত করেও সমস্যার সমাধান হয়নি। ঝুঁকি নিয়েই পাঠদান চলছে।
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ভবনটি মেরামতের জন্য প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নতুন ভবন নির্মাণের জন্য দুই দফা বরাদ্দ এলেও জমিসংক্রান্ত জটিলতায় তা ফেরত গেছে। বিদ্যালয়ের জন্য আশ্রয়কেন্দ্রে তিনটি কক্ষ বরাদ্দ থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আশ্রয়কেন্দ্রে পাঠদানের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

দৈনিক টার্গেট 






















