রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। বার্সেলোনায় এ সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। দিনের শুরুতেই দুই শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বার্সেলোনায় মুখোশ পরিহিতদের ময়লার পাত্রে আগুন দিতে ও দোকানের জানালা ভাঙতে দেখা যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বুধবার সন্ধ্যায় বার্সেলোনায় কঠোর অবস্থানে যায় পুলিশ। প্লাসা দে কাতালুনিয়ার কাছে পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষ হয়। রাস্তায় ময়লার পাত্রে আগুন দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের পুলিশের দিকে আতশবাজি ছুড়তে দেখা যায়। লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাটও চালানো হয়। বিক্ষোভকারীরা অ্যাপল স্টোরেও ঢোকার চেষ্টা করে।
দেশটির সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, কয়েকটি আবাসন সংস্থার কার্যালয়েও হামলা হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বিক্ষোভের বেশির ভাগ সময় পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারী। বিবিসিকে তিনি বলেন, আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষ ছিলেন।
সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। তাঁর ভাষায়, চারদিকে আগুন জ্বলছিল এবং পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।
মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহর অচল করে দিয়েছি।’ বৃষ্টির মধ্যেও মানুষ রাস্তায় নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, সাধারণ ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গোও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, ‘আবাসন পরিস্থিতি ভয়াবহ। বেতনের তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহনযোগ্য নয়।’
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস ধর্মঘটকে সফল বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, এতে ‘ব্যাপক’ অংশগ্রহণ ছিল। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোরদো বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণ ছিল ‘উল্লেখযোগ্য’।
সাশ্রয়ী আবাসনের অভাব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সাম্প্রতিক সময়ে স্পেনে বিক্ষোভ জোরালো হয়েছে। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাস্কালকে মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে উচ্ছেদের ঘটনা। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করেছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা একটি আবাসন অধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী গনসালো আলভারেসের মতে, আবাস্কালকে উচ্ছেদের ঘটনাই এবারের বিক্ষোভের সূত্রপাত ঘটানো ‘ছোট্ট স্ফুলিঙ্গ’।
পেশায় বিক্রয়কর্মী ২৭ বছর বয়সী আলভারেস বিবিসিকে বলেন, বাড়িওয়ালারা আবাস্কালের বাড়িভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে এমন আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন।
আলভারেস নিজেও আবাসন ব্যয়ের চাপে রয়েছেন। মাদ্রিদের আর্গানজুয়েলা এলাকায় ছোট এক শয়নকক্ষের একটি ফ্ল্যাটে সঙ্গীকে নিয়ে ভাড়া থাকেন তিনি। ভাড়া দিতে হয় মাসে ১ হাজার ইউরো। দুজনেই চাকরি করেন তবুও অন্যান্য বিল পরিশোধের আগেই তাঁদের বেতনের প্রায় অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়।
আলভারেস বলেন, ‘এটা একেবারেই পাগলামি। খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাস—সবকিছুর খরচই তো আছে।’ নিজের বাড়ি কেনার স্বপ্নও দেখেন না তিনি। তাঁর ভাষায়, একটি বাড়ি কেনার জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ জমাতে হবে, যা বর্তমান বেতনে অসম্ভব।
আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ গড় মোট বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ করা সাশ্রয়ী ভাড়ার ৩০ শতাংশ সীমার তুলনায় এ হার অনেক বেশি।
আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আবাসন সংস্কারের পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন না পাওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এ সপ্তাহে স্পেনের টেলিভিশনকে সানচেজ বলেন, ‘শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাটাই অর্থহীন।’
অন্যদিকে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দলটির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোকে তিনি ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেন।
জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেছেন, ২৯ নভেম্বরের নির্বাচনে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে, যাতে ডানপন্থী সরকার গঠনের সুযোগ না পায়। জরিপ অনুযায়ী, নির্বাচনের পর ডানপন্থী সরকার গঠনের সম্ভাবনাই বেশি।
স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগেল গারিদোও ধর্মঘটের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আবাসন ব্যয়ের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তেমন কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি শ্রমিকদের অধিকারসংক্রান্ত কোনো কারণে ডাকা ধর্মঘট নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আগাম নির্বাচনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

দৈনিক টার্গেট 


























