আটক তামিম মাদারগঞ্জ উপজেলার আটাত্তর চর এলাকার সুজন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ একটি সোনালিকা ব্র্যান্ডের মাহেন্দ্র ট্রাক্টর চুরি করে তামিম। পরে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে ট্রাক্টরটির তেল শেষ হয়ে যায়। এ সময় কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চরের লিটন ব্যাপারীর সঙ্গে তার দেখা হয়।
তামিম লিটনের মোটরসাইকেলে চড়ে তাঁর ভায়রার বাড়ি পর্যন্ত যায়। পরে তাকে বটতলায় নামিয়ে দেওয়ার অনুরোধ করে। তখন লিটন তাঁর ছোট ভাতিজাকে মোটরসাইকেলে করে তামিমকে বটতলায় নামিয়ে দিতে বলেন। তবে পথে তামিম লিটনের ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
লিটনের ভাতিজা বাড়িতে ফিরে বিষয়টি জানালে তিনি চৌরাস্তা মোড়ে গিয়ে দেখেন, সেখানে রাখা মাহেন্দ্র ট্রাক্টরটির বডি নেই। খবর পেয়ে ট্রাক্টরের মালিক ঘটনাস্থলে গিয়ে বডিবিহীন ট্রাক্টরটি উদ্ধার করে মিলনবাজারে নিয়ে যান।
এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দামের মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করে। মোটরসাইকেলের দাম অস্বাভাবিক কম হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা তামিমকে আটক করে পুলিশে খবর দেন।
ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামিমকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, তামিম থানা-পুলিশের হেফাজতে রয়েছে। মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক টার্গেট 





















