ম্যাচের আগেই শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বলেছিলেন, ‘আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে ফারহান।’ জাতীয় স্টেডিয়ামে গতকাল ৫৩ মিনিটে চোখধাঁধানো গোলে সেটারই বাস্তব প্রমাণ দিলেন ফারহান। শমিত সোমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। দুর্দান্ত এই গোলের পর ফারহানের সঙ্গে লিওনেল মেসি-লামিন ইয়ামালের মতো তারকাদের তুলনা করছেন নেটিজেনরা। জামাল আজ সকালে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যারা বাংলাদেশের ভক্ত-সমর্থক আছেন, তাঁরা সবাই বলেন, ‘আমার মেসি, আমার লামিন ইয়ামাল।’ কিন্তু আমি চাই সে নিজের নাম বড় করবে।’’
বাংলাদেশে ফুটবল উন্মাদনা যে এখন তুঙ্গে, সেটা টের পাচ্ছেন জামাল। গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর সামাজিক মাধ্যম সয়লাব বাংলাদেশের বিধ্বংসী এই জয় নিয়ে। ফারহানের গোলটার ব্যাপারেই দেখা যাক। এরই মধ্যে তাঁর গোলকে মহাতারকাদের গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। মেসি-ইয়ামালরা ড্রিবলিং করে এমন গোল দেন হরহামেশাই।
জামালের চাওয়া ফারহান নিজের পরিচয় তৈরি করে ফেললে তাঁকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। আজ বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন,
‘আমি চাই ফাহাদ নিজের নাম বড় করুক। তাকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। এটা ফারহান আলীর গোল মানে অন্য খেলোয়াড়ের গোল না। এটা ফারহান আলীর গোল।’
শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।
-511a4f-256x144.webp)
দৈনিক টার্গেট 


























