বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটিতে সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এ ধর্মঘট বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল। ঝোড়ো আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকেরা রাস্তায় নামেন। মাদ্রিদ, বার্সেলোনাসহ বিভিন্ন শহরে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। ধর্মঘটে অংশ নেন আসাবিক ভাড়াটেদের বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের মূল দাবি—বাড়িভাড়া নিয়ন্ত্রণ, আবাসনের খরচ কমানো এবং সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।
মাদ্রিদ-বার্সেলোনায় সংঘর্ষ, গ্রেপ্তার ৭৩
দিনের বেশিরভাগ সময় ধর্মঘট শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের একাংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রয়টার্সের ভিডিওতে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর সড়কে ফেলে রাখা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
মাদ্রিদেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, কেন্দ্রীয় প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ধর্মঘরকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১ হাজার ৪৪টি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বুধবার রাত ৯টা (জিএমটি) পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কার্যালয় ও শিল্প এলাকায় অবরোধ এবং ময়লার কনটেইনারে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মাদ্রিদের অন্যতম প্রধান কেনাকাটার এলাকা গ্রান ভিয়াতেও ধর্মঘরের প্রভাব পড়ে। বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশের উপস্থিতিতে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুলঅ্যান্ডবেয়ারের মতো ব্র্যান্ডের দোকান বন্ধ হয়ে যায়। দোকানগুলো বন্ধ হওয়ার পর বিক্ষোভকারীদের ল্লাস করতে দেখা যায়।
এ সময় বাড়ির চাবির গোছা ঝনঝনিয়ে তাঁরা স্লোগান দেন, ‘আমরা ম্যাঙ্গোর দোকান বন্ধ করে দেব।’ অন্যদিকে, সংঘর্ষের আশঙ্কায় বার্সেলোনার অনেক দোকানপাটও বন্ধ রাখা হয়।
স্পেনে আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় অনেক মানুষ এখন ভাড়া বাসার ওপর নির্ভর করছেন। এতে বাড়িভাড়ার বাজারে চাপ বাড়ছে। স্পেনের যুব পরিষদের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো বা ১ হাজার ৩১৫ ডলার। এই ভাড়া একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ, মাসিক আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে বাড়িভাড়া পরিশোধে।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী জেসুস গঞ্জালেজও এই সংকটের কারণে ধর্মঘরে যোগ দিয়েছেন। একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন তিনি। গঞ্জালেজ বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো নিজের বাড়িতে থাকতে পারছি না। বাড়িভাড়া ও বাড়ির দাম দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নিজের বাড়ি কেনা প্রায় অসম্ভব।’
স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) ও ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘরে সমর্থন দিয়েছে। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ২০১২ সালে শ্রমিকদের কর্মবিরতির পর এটিই দেশটির প্রথম সাধারণ ধর্মঘট।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, উপকূলীয় এলাকাগুলোতে ধর্মঘরে অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এসব অঞ্চলে আবাসন সংকটের প্রভাবও তুলনামূলকভাবে বেশি। ভাড়াটেদের সংগঠনগুলো আশা করছে, দিন শেষে ধর্মঘরে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছাবে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, স্পেনে মোট কর্মীর সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ।
ইউজিটি ও সিসিওও জানিয়েছে, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘরে অংশগ্রহণের হার ৯০ শতাংশে পৌঁছেছে। নাভারে ভক্সওয়াগেন ও বার্সেলোনায় সিটের কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। এদিকে, স্পেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দেশটিতে বিদ্যুতের চাহিদা ১৫ দশমিক ৫ শতাংশ কমে যায়।
তবে শ্রমিকদের এই ধর্মঘটের সমালোচনা করেছেন স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওই—এর সহসভাপতি অ্যাঞ্জেলা ডি মিগেল। তাঁর মতে, ধর্মঘটের কারণে আবাসন সংকটের সমাধান হবে না; বরং ক্ষুদ্র ব্যবসাগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির অভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আবাসন সংকট সমাধানে আরও বেশি বাড়ি নির্মাণ করতে হবে। পাশাপাশি বাড়ি নির্মাণ ও কেনাবেচার প্রক্রিয়ায় কর কমানো জরুরি।
এদিকে, চার্লস ও ব্রুনা নামের দুটি শক্তিশালী ঝড়ের কারণে দক্ষিণ স্পেনের কয়েকটি শহরে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় শ্রমিক সংগঠনগুলো। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাদিজও রয়েছে।
স্পেনে আগাম সাধারণ নির্বাচনের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময়ে আবাসন সংকট নিয়ে এই ধর্মঘট প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।
সিউটায় প্রাণঘাতী অভিবাসন ঘটনা এবং গত মাসের ট্রেন দুর্ঘটনা নিয়েও সরকার সমালোচনার মুখে রয়েছে। এসব ঘটনা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন সানচেজের মন্ত্রিসভার সদস্যরা। তবে বিভিন্ন জনমত জরিপে তাঁর সোশ্যালিস্ট পার্টি পিছিয়ে রয়েছে।

দৈনিক টার্গেট 























