এ ঘটনায় জড়িত পার্থ প্রতিম নন্দী নামে অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করেছে কলকাতা বিমানবন্দর পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ‘এআই২৭৭২’ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। ফ্লাইটটিতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন। তবে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এর শৌচাগারে একটি হাতে লেখা হুমকির বার্তা পান কর্মীরা। চিরকুটটিতে লেখা ছিল, ‘বিমানটি ছিনতাই করা হবে’।
তাৎক্ষণিকভাবে বিমানের পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান এবং হাইজ্যাক অ্যালার্ট জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত উড়োজাহাজটিকে আইসোলেশন বে-তে নিয়ে ঘিরে ফেলে যৌথ নিরাপত্তা বাহিনী। সকল যাত্রীকে নামিয়ে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকেল ৫টা ৩৮ মিনিটে ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়।
বিমানবন্দর পরিচালক বিক্রম সিং জানান, ঘটনার পর তদন্তে নেমে যাত্রীদের হাতের লেখা ও অন্য আলামত মেলানোর সময় পার্থ প্রতিম নন্দীকে শনাক্ত করা হয়। তাঁর কাছে ওই ভুয়া বার্তা লেখায় ব্যবহৃত কার্ডের মতো আরও বেশ কিছু সাদা কার্ড পাওয়া যায়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় চিরকুটের হাতের লেখা পার্থর বলেই নিশ্চিত হওয়া গেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে কলকাতার সোদপুরের বাসিন্দা পার্থ প্রতিম নন্দী স্বীকার করেন, তিনি পেশাগত কারণে মুম্বাই হয়ে বিদেশে যাচ্ছিলেন। কিন্তু বিমানে ওঠার পর শেষ মুহূর্তে অসুস্থ স্ত্রীর কথা মনে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীর কাছে ফিরে যাওয়ার তাড়না অনুভব করেন।
পার্থ প্রতীম নন্দী পুলিশকে বলেন, বিদেশে কাজে যোগ দেওয়ার চেয়ে অসুস্থ স্ত্রীর পাশে থাকাটাই আমার কাছে মুখ্য মনে হচ্ছিল। শেষ মুহূর্তে আমার মন স্থির ছিল না। ভাবছিলাম ফ্লাইটটি বাতিল হলেই আমি বাড়ি ফিরে যেতে পারব। সেই উদ্দেশেই সাদা কার্ডে ছিনতাইয়ের বার্তা লিখে বাথরুমে রেখে এসেছিলাম।
নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারকৃত পার্থ প্রতিম নন্দীকে বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিঘ্নিত করা ও ভীতি সৃষ্টির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক টার্গেট 






















