এ ঘটনায় করা মামলায় আফরিনের মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও দুধঘাটা এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও উত্তেজনা সৃষ্টি হতো।
রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার ৪৯ দিন পর আজ তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 






















