জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে বাংলা ও ইংরেজিতে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’ এবং ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে’।
এসব ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা-পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে তাঁকে হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
তিনি আরও বলেন, হুমকিদাতার নম্বর শনাক্ত করা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলার আসামিদের ধরতে অভিযান এবং দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম।

দৈনিক টার্গেট 
















