আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডের সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মোবারকের স্ত্রী ছালেহা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরে ওই সময়ে মোবারক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় তাঁর ও সন্তানদের আর্তচিৎকারে প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
ঘটনার পর পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহত ছালেহার ছোট বোন পারভীনের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেছেন।
পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 























