সরকারি চাকরির সীমিত পদের বিপরীতে বিপুলসংখ্যক আবেদনকারী প্রতিযোগিতা করছেন। বেসরকারি খাতে সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে বেতন ও চাকরির নিরাপত্তা তরুণদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মপরিবেশ এবং পদোন্নতির অনিশ্চয়তাও তাঁদের ভাবিয়ে তোলে। ফলে কেউ বছরের পর বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতিতে সময় ব্যয় করছেন। কেউ আবার নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সম্পর্কহীন কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছেন।
শিক্ষিত বেকারত্বের সমস্যা কেবল চাকরির অভাবের মধ্যে সীমাবদ্ধ নয়; রয়েছে কাজের ধরন ও শিক্ষাগত যোগ্যতার মধ্যকার ব্যবধানও। একজন শিক্ষার্থী যে বিষয়ে পড়াশোনা করেছেন, সেই বিষয়ে কাজের সুযোগ না পেলে তাঁর অর্জিত জ্ঞানের বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। একজন উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী হয়তো নিজের বিষয়ে গবেষণা কিংবা সংশ্লিষ্ট পেশায় কাজ করতে চান। কিন্তু পর্যাপ্ত সুযোগ না থাকায় তাঁকে ভিন্ন পেশার কথা ভাবতে হয়। এমন বাস্তবতা শুধু ব্যক্তিগত হতাশা তৈরি করে না। বরং দীর্ঘ মেয়াদে জাতীয় উৎপাদনশীলতাকেও প্রভাবিত করে। কারণ, শিক্ষায় বিনিয়োগের সুফল তখন অর্থনীতিতে যথাযথভাবে প্রতিফলিত হয় না।
এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ব্যবহারিক শিক্ষা এবং গবেষণার সুযোগ বাড়াতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় গড়ে তুলে ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজ শেখার পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানের যোগ্যতা অর্জনের জন্যও প্রস্তুত হয়। একই সঙ্গে কৃষি ও শিল্পের পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর্মক্ষেত্র সম্প্রসারণ করতে হবে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বিনিয়োগ বাড়ানো দরকার।
এ ছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন। উচ্চশিক্ষিত হয়েও নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং যাতায়াতের অসুবিধার কারণে অনেক নারী কর্মজীবনে প্রবেশ করতে পারেন না। সামাজিক প্রতিবন্ধকতা ও পারিবারিক দায়িত্বও অনেক সময় তাঁদের পেশাগত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প এবং কৃষিভিত্তিক উদ্যোগের প্রসার ঘটাতে পারলে রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের চাপও কমানো সম্ভব। তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। এ জন্য সহজ শর্তে ঋণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একজন তরুণের উদ্যোগ যেন কেবল পুঁজি ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে থেমে না যায়।
কর্মসংস্থান সৃষ্টি কেবল ব্যক্তির প্রচেষ্টার বিষয় নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নীতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জড়িত। একটি দেশের তরুণ জনগোষ্ঠী তার সবচেয়ে বড় সম্ভাবনাগুলোর একটি। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শিক্ষার বিস্তারের পাশাপাশি উপযুক্ত কর্মক্ষেত্রও তৈরি করতে হবে। কারণ, শিক্ষার উদ্দেশ্য কেবল সনদের সংখ্যা বাড়ানো নয়; মানুষের চিন্তা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে তাকে কর্মক্ষম করে তোলাই শিক্ষার অন্যতম লক্ষ্য। একজন তরুণের অর্জিত জ্ঞান ও যোগ্যতা কাজে লাগানোর সুযোগ তৈরি করাই হওয়া উচিত উন্নয়নের প্রকৃত লক্ষ্য। সনদের স্তূপ নয়, বরং দক্ষ মানুষের কর্মমুখর উপস্থিতিই একটি দেশের অগ্রগতির পরিচয় বহন করে।
লেখক: তাবাসসুম নাইনা রুহি, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

দৈনিক টার্গেট 



















