ব্যান্ড ভেঙে দেওয়ার কারণ হিসেবে বাংলা ফাইভের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সম্পৃক্ততা নিয়ে ব্যান্ডের সদস্যরা সন্তুষ্ট নন। তাই এই যাত্রায় ইতি টানার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন তাঁরা। ব্যান্ড ভেঙে দেওয়ার পর নিজেদের মতো ক্যারিয়ার গুছিয়ে নেওয়ায় মনোযোগ দেবেন বলে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বাংলা ফাইভের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বড়জোর আর ছয় মাস অ্যাকটিভ থাকব। এরপর বাংলা ফাইভকে আনুষ্ঠানিকভাবে ডিসব্যান্ড করে দেব। ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।’
সংগীতশিল্পী সিনা হাসান এবং গিটারিস্ট আহনাফ খান অনিকের হাত ধরে শুরু হয়েছিল রক ব্যান্ড বাংলা ফাইভের পথচলা। মূলত ২০১৫ সালে সিনা হাসানের ‘লাস্টবেঞ্চ’ রেকর্ডিংয়ের পর থেকে বাংলা ফাইভ নামে পারফর্ম করা শুরু করে ব্যান্ডটি। এরপর একে একে ‘কনফিউশন’ (২০১৯) ও ‘লুকিয়ে থাকার সময়’ (২০২২) অ্যালবামের পাশাপাশি বেশ কিছু একক গান প্রকাশ করেছে তারা। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের নানা প্রান্তে নিয়মিত কনসার্ট করে পরিচিতি পায় ব্যান্ডটি। তাদের ‘সন্ধ্যা নামায় রাখি’ গানটি ব্যাপক জনপ্রিয় হওয়ার পাশাপাশি টিকটকেও বাংলা ব্যান্ডের অন্যতম ব্যবহৃত গান হিসেবে জায়গা করে নেয়।
করোনা মহামারির পর ধীরে ধীরে আড়ালে চলে যায় বাংলা ফাইভ। ২০২১ সালে সহিংসতাবিরোধী কনসার্ট দিয়ে আবার মঞ্চে ফেরে এবং ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত পারফর্ম করে। দেশের মধ্যে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শো করেছে বাংলা ফাইভ। দেশের বাইরে ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠে মহীনের ঘোড়াগুলির সদস্য প্রয়াত তাপস দাস (বাপী দা) এবং শিলাজিতের মতো শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতাকে নিজেদের যাত্রার অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেছে ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলা ফাইভ।

দৈনিক টার্গেট 
























