ভুয়া এনএসআই পরিচয়ে ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার

দেশজুড়েরাজশাহী

নাটোরের গুরুদাসপুরে ভুয়া পরিচয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা সেজে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন (৩২)। তিনি গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় গ্রামের বাসিন্দা ও মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি নাজমুল নিজেকে এনএসআই-এর মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন যে, খাদ্যগুদাম থেকে খাওয়ার অনুপযোগী চাল কেনা হয়েছে এবং তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ধরা পড়েছে এমন একটি ভুয়া চিঠিও তিনি অফিসে পাঠান।

এরপর তিনি বিষয়টি ধামাচাপা দিতে চাইলে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা খাদ্য কর্মকর্তারা বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার মাধ্যমে নাটোর জেলা এনএসআই কার্যালয়ে জানান। যাচাই করে জানা যায়, নাজমুল কোনোভাবেই এনএসআই-সংশ্লিষ্ট নন।

পরবর্তীতে এনএসআই ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরতে এক খাদ্য কর্মকর্তা রোববার রাতে তার সঙ্গে পাঁচ লাখ টাকা নিয়ে দেখা করতে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গুরুদাসপুর মডেল মসজিদের সামনে ঘুষ গ্রহণের সময় নাজমুলকে আটক করে এনএসআই কর্মকর্তারা এবং থানায় সোপর্দ করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে সতর্কতা বাড়ানো হয়েছে এবং সাধারণ জনগণকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।