দৈনিক টার্গেট

দেশের চেতনায়

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে বৈশ্বিক সম্মেলন

কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা সমাধানে টেকসই পথ খুঁজতে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের উচ্চপদস্থ প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকরা এতে অংশ নিয়েছেন।

আজ সোমবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের মূল অধিবেশনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাবেন বলে জানা গেছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত রবিবার বিকেলে উখিয়ার ইনানীতে সেনাবাহিনী পরিচালিত বে-ওয়াচ হোটেলে। ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামের এ অংশীজন সংলাপে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মোট পাঁচটি অধিবেশনের মাধ্যমে আলোচনা হবে প্রত্যাবাসনের কার্যকর প্রক্রিয়া, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, আশ্রয়শিবিরে মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং টেকসই সমাধানের রূপরেখা নিয়ে। এ আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাত লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে বসবাস করছে আনুমানিক ১৩ লাখ রোহিঙ্গা। দীর্ঘ সময় ধরে বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপে পড়েছে দেশটি।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।