আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় পরিদর্শনকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এর আগে ভাঙ্গা থানা সহ আশপাশের কয়েক থানার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন তিনি।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান। তিনি বলেন— ‘শুধু ভাঙ্গাই নয় ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার আইন-শৃঙ্খলা সমন্বয়ে রাখতে পুলিশ সতর্ক রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা এই জনপদে অশান্তি বিরাজের প্রক্রিয়ায় যারা আছে, তাঁরা কখনো সফল হবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করে ইকোনমি ধ্বংস করা, সড়কের প্রাণচাঞ্চল্য নষ্ট করা এবং জনবিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সব ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।’
গত ৯ নভেম্বর দিবাগত রাতে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু এবং ভাঙ্গায় মশাল মিছিলের প্রসঙ্গ তুলে ধরেন। ডিআইজি বলেন— ‘ভাঙ্গায় যারা মশাল মিছিল করেছে, ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে নীরবে মানুষকে হত্যা করেছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় ২টি মামলা দায়ের করা হয়েছে।’
এ ছাড়া ভাঙ্গা এবং ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েক থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, বাসে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করেছি। এ ঘটনায় ফরিদপুরে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে তুলে ধরা হবে।
অপরদিকে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ভাঙ্গায় আগুনের মিছিল করেছে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ২৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেক জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক টার্গেট 























