
নওগাঁর মান্দা: হাটবাজারের উন্নয়নের লাখ লাখ টাকা নয়ছয়
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০১:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- ৪ বার পঠিত হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় দুটি গ্রামীণ হাটের উন্নয়নকাজে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করে প্রকল্পের পুরো বিল তুলে নেওয়া হয়েছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে অনুন্নত হাটের উন্নয়নের জন্য প্রাপ্ত ১০ শতাংশ অর্থ থেকে উপজেলার মৈনম ও কাঁশোপাড়া ইউনিয়নের জন্য ৯ লাখ ৩৫ হাজার ৮৬২ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। গত ৯ জুলাই উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভায় মৈনম ইউনিয়নে চারটি এবং কাঁশোপাড়া ইউনিয়নে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়।
মৈনম হাটে স্ট্রিট লাইট মেরামত ও স্থাপনের জন্য ৩ লাখ টাকা, পৃথক দুটি শেড নির্মাণে ৩ লাখ করে ৬ লাখ টাকা এবং হাটের অভ্যন্তরীণ নালা ও আবর্জনা পরিষ্কারের জন্য ৩৫ হাজার ৮৬২ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাটে টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণে ২ লাখ টাকা, সিংগীহাট থেকে ফকিরপাড়া গ্রামের দুটি সড়ক নির্মাণে ২ লাখ করে ৪ লাখ টাকা, স্ট্রিট লাইট মেরামত ও স্থাপনে ৩ লাখ টাকা এবং নালা পরিষ্কারে ৩৫ হাজার ৮৬২ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিন মৈনম হাট ঘুরে দেখা যায়, সেখানে আটটি খুঁটির ওপর একটি শেড নির্মাণ করা হয়েছে এবং দুটি নতুন স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। হাটের অন্য কোথাও দৃশ্যমান উন্নয়নকাজ চোখে পড়েনি।
স্ট্রিট লাইট মেরামত ও স্থাপন প্রকল্পের সভাপতি মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান। দুটি শেড নির্মাণের পৃথক প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সুদেব চন্দ্র ও আমজাদ হোসেন।
জানতে চাইলে ইউপি সদস্য সুদেব চন্দ্র বলেন, প্রকল্পের কাজ সম্পর্কে তিনি কিছুই জানেন না। শুধু কাগজপত্রে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। এ জন্য চেয়ারম্যান তাঁকে ৩ হাজার টাকা দিয়েছেন। একই ধরনের অভিযোগ করেন আরেক প্রকল্পের সভাপতি আমজাদ হোসেন। তাঁর ভাষ্য, প্রকল্পের সভাপতি হওয়ায় তাঁকে ৪ হাজার টাকা দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামও একই দাবি করেন। মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, হাট দুটির কাজ সঠিকভাবে শেষ হওয়ায় প্রকল্পের সভাপতিদের অনুকূলে অর্থছাড় দেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন
নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে গ্রিনহাউস ফিশ ড্রায়ার প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদন শুরু করেছেন তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান। প্রচলিত পদ্ধতির তুলনায় কম সময়ে শুঁটকি তৈরি হওয়ায় বৃষ্টি, কুয়াশা ও ধুলাবালিজনিত ক্ষতির ঝুঁকি কমছে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শুঁটকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের
কৃষকদের ভাষ্য, আগাম জাতের আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য তাঁরা জমি প্রস্তুত করছেন। এ সময় পর্যাপ্ত রাসায়নিক সার প্রয়োজন হলেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তাঁরা। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।






















