আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল (পিএলসি) এলাকায় বিক্ষোভ চলতে দেখা যায়। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মৃত্যুর অভিযোগ তুলে লাশ নিয়ে হাসপাতালে অবস্থান নেন স্বজনেরা।
নিহত আয়ান সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ আরফাত ও বটতলী ইউনিয়নের দক্ষিণ চাপাতলী সাদেক আলী তালুকদারবাড়ির কুমকুম আক্তার দম্পতির একমাত্র ছেলে। পোশাকশ্রমিক কুমকুম আক্তার দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, গতকাল বিকেল ৫টার দিকে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আয়ানের মাথায় গুরুতর আঘাত লাগে। স্বজনেরা তাকে দ্রুত সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আরমান প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত ১০টার দিকে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনেরা আয়ানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, শিশুটির মৃত্যুর পর লাশ নিয়ে হাসপাতালে ফেরার সঙ্গে সঙ্গে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ চলে যায়। আজ সকাল থেকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অভিযুক্ত চিকিৎসক ও দায়িত্বরত কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেশী মোহাম্মদ কাইয়ূম বলেন, ‘হাসপাতালের ডাক্তারের অবহেলার কারণে অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। এ হাসপাতালে এমন ঘটনা নতুন নয়, প্রায়ই ঘটে। কিছুদিন আগেও ডাক্তারের অবহেলায় এক প্রসূতি ও বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল রাতে আয়ানের মৃত্যুর পর লাশ নিয়ে আমরা হাসপাতালে আসার পরই চিকিৎসকেরা উল্টো হুমকি দিয়ে বলেন, সকালে এটির সমাধান করবেন। এরপরই তাঁরা হাসপাতালে তালা মেরে চলে গেছেন, এখন পর্যন্ত আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় বিভিন্ন প্রভাবশালী লোকদের দিয়েও ভয় দেখাচ্ছে আমাদের।’
সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘শিশুটি গাড়ি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে এখানে আসে। সে নিজে পায়ে হেঁটে এসে চিকিৎসা নিয়ে হেঁটেই বাড়ি চলে গেছে। বাড়িতে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, সেখানে মৃত্যু হয়। মৃত্যুর পর রোগীর স্বজনেরা লোকজন নিয়ে এসে আমাদের কাছ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। এ টাকা না দেওয়ায় হাসপাতালের সামনে শিশুর লাশ রেখে হাসপাতালে আক্রমণ করে।’
মো. মিজানুর রহমানের দাবি, স্বজনেরা ক্ষিপ্ত হয়ে রাতে হাসপাতালে তালা মেরে দিয়েছেন এবং এখনো হাসপাতালের কোনো কর্মীকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বিক্ষোভকারীরা একজন দায়িত্বরত চিকিৎসককে অবরুদ্ধ করে রেখেছিলেন, পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
মো. মিজানুর রহমান বলেন, ‘দোষ দিলে দেবে গাড়ির চালককে। সেটা না করে টাকার জন্য আমার হাসপাতালকে দোষারোপ করছে। এলাকার মানুষের সেবার জন্য হাসপাতালটা দিয়ে ভুল করেছি। সেবা করার জন্য নিজ এলাকায় আসলাম, সেখানে বারবার হেনস্তা হতে হচ্ছে।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালটি নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং প্রাথমিকভাবে কার্যক্রম চালানোর অনুমতি পেয়েছে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামশেদ গিয়াস উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য চিকিৎসক বিবি জয়নাব ও মো. বেলাল হোসেন।
মাহতাব উদ্দিন চৌধুরী আরও বলেন, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব…
দৈনিক টার্গেট 



















