নোয়াখালীর সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকায় অবস্থিত এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ-এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছে। প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়া যায়। অভিযানের শেষে ভবিষ্যতে সরকারি মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
একই দিনে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অবস্থিত মেসার্স স্ট্যান্ডার্ড বেকারি-তেও অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং উৎপাদিত কেকের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে বেকারিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, শুধু জরিমানাই নয়, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দোকানিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














