দৈনিক টার্গেট

দেশের চেতনায়

কয়রায় সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলা উপজেলায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কয়রা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মহারাজপুর ইউনিয়নের মটবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক মোড়ল।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মহারাজপুর ইউনিয়নের সাতালিয়া গ্রামের মিজান শেখ ও একই গ্রামের নাসির মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়। চিকিৎসা শেষে আহতরা সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। ঘটনার পর এলাকায় কিছুদিন উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক মোড়ল আরও বলেন, সংঘর্ষের প্রায় ২০ থেকে ২৫ দিন পর নাসির মোড়লের স্ত্রী আনোয়ারা বেগম ডায়রিয়াজনিত অসুস্থতায় নিজ বাড়িতে মারা যান। তবে ওই মৃত্যুকে কেন্দ্র করে পূর্বের জমিজমা বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আনোয়ারা বেগমের স্বাভাবিক মৃত্যুকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। প্রকৃত ঘটনা আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করার চেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”

এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের প্রভাব বা মিথ্যা তথ্যের ভিত্তিতে যেন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের হলেও সম্প্রতি ঘটনাটি নতুন মোড় নিয়েছে। তারা বিষয়টির সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, যেকোনো বিরোধপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসা সম্ভব। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবার প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানায়। পাশাপাশি তারা বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।