সরকারি বিধিমালা অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কর্মদিবসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। যথাযথ সম্মান ও নিয়ম মেনে পতাকা উত্তোলন ও নামানোর নির্দেশনাও রয়েছে। তবে ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, ‘এ পতাকার জন্য জীবন বাজি রেখে আমরা স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা দেখে নতুন প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম জন্ম নেবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এর অর্থ, তাঁরা সরকারি চাকরি করেও স্বাধীন এ দেশকে স্বীকার করেন না। এটা অনিয়ম, এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ মনোহর শর্মা বলেন, ‘আমরা নিয়ম মেনেই কাজ করি।’ সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের বিষয়ে কোনো নিয়মে নিষেধ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আর কোনো বক্তব্য দিতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 





















