সম্প্রতি ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী আকবর মুবিন বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ফটক নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বহিরাগতরা ইতিমধ্যে তিন থেকে চারবার ছাত্রাবাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, রোববার অশ্বিনীকুমার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসে স্মারকলিপি দিয়েছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক নির্মাণকাজ বন্ধ হওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের এ বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তুলে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বিএম কলেজের অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনার সৃষ্টি হয়। গত ২৯ অক্টোবর এ নিয়ে ‘বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

দৈনিক টার্গেট 






















