ওয়েব প্ল্যাটফর্মে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকে টিভি নাটককে অবজ্ঞার চোখে দেখেন—২০২৩ সালে নাম প্রকাশ না করে ফারিণের উদ্দেশে এক ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন জোভান। মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ফারিণের বিরুদ্ধে এমন কথা বলেন তিনি।
ওই সময় জোভান ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, জানেমান তুই আমার নাটক মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই। অথচ তিনি তাঁর ওটিটির কাজ নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন। ওটিটিতে কাজ করছেন বলেই ওই অভিনেত্রী নাটককে অবজ্ঞা করছেন—এমন অভিযোগও তোলেন জোভান।
জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তাঁর ক্যারিয়ার শুরু, তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না। এ নিয়ে দুজনের বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এর পর থেকে চলছিল জোভান-ফারিণের অভিমান। অনেক দিন একসঙ্গে করেননি কোনো কাজ। অবশেষে সেই অভিমান ভাঙল।
সম্প্রতি শুরু হয়েছে প্রাণ সখিয়া নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান নির্মাতা রাজ।
এ মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দৈনিক টার্গেট 


















