অপলক নির্মিত হবে একটি ভিন্নধর্মী প্রেমের গল্পে। ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ নির্মাণ করার পর থেকেই বড় পর্দার জন্য এমন একটি প্রেমের গল্পের খোঁজে ছিলেন রাজীব। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এক বছর ধরে আমি এই গল্পটা নিয়ে কাজ করছি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়েছি, বারবার লিখেছি, পরিবর্তন করেছি, আবার নতুন করে বোঝার চেষ্টা করেছি—আসলে আমি কী বলতে চাই। কয়েক মাস আগে অবশেষে এমন একটা খসড়া তৈরি করতে পেরেছি, যেটা আমার নিজের কাছে সত্যি মনে হয়েছে। এবার সেটাকেই পর্দায় তুলে ধরার পালা।’
মাঝখানে গুঞ্জন ছড়িয়েছিল, আদনানের প্রথম সিনেমায় দেখা যাবে সিয়াম আহমেদকে। নির্মাতা নিজেও জানিয়েছিলেন, সিয়ামসহ বেশ কয়েকজনের সঙ্গে তাঁর প্রাথমিক আলাপ হয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো।
নিশো ও মেহজাবীনকে চূড়ান্ত করা প্রসঙ্গে নির্মাতা রাজীব বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে এমন কিছু সহকর্মীকে পাশে পেয়েছি, যাঁদের চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবনা ও স্বপ্নের সঙ্গে আমার ভাবনার অনেক মিল রয়েছে। গল্পের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আরও বেশ কয়েকজন অসাধারণ অভিনয়শিল্পী আমাদের এই যাত্রায় যুক্ত হয়েছেন। সময় হলে একে একে তাঁদেরও পরিচয় করিয়ে দেব।’
শিগগিরই শুরু হবে অপলক সিনেমার শুটিং। নির্মাতা বলেন, ‘এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য, পুরো মনোযোগ দিয়ে কাজটা করা। আমাদের স্বপ্নটাকে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

দৈনিক টার্গেট 

























