সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।
অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তাঁর পাশে। রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর পরিবার সে সময় রাজি হয়নি। এবার তাঁর চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’

দৈনিক টার্গেট 
























