এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার এবং এ লক্ষ্যে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
১৯৯৬ সালের চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং কেবল দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তা নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের অবস্থান হলো, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে সংশোধিত বা নতুন চুক্তি করা।
উল্লেখ্য, ১৯৭৭ সালের গঙ্গা চুক্তিতে একটি ‘গ্যারান্টি ক্লজ’ ছিল, যার অধীনে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ অস্বাভাবিক কমে গেলেও যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারাটি বাদ দেওয়া হয়।
বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানি বণ্টন করা হয়। ফারাক্কায় প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগ পায়; ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পায় এবং প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক ও অবশিষ্ট পানি বাংলাদেশ পায়। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি।’
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।’
এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তবে বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, ওই বৈঠকে চুক্তি নবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি; কারণ নতুন চুক্তির এখতিয়ার কেবল দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক সমীকরণ বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভাগীরথী-হুগলি নদীতে নাব্যতা ও কলকাতা বন্দর সচল রাখতে পশ্চিমবঙ্গের চাহিদা এবং পানীয় জল ও শিল্পের জন্য বিহারের পানির দাবি ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে কার্যকর চুক্তি রয়েছে (তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে অমীমাংসিত)। ১২ ডিসেম্বরের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য ও সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে এবং লবণাক্ততা বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।’

দৈনিক টার্গেট 





















