২০২০ সালে স্বামী ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র দুই মাসের মধ্যে মারা গেলে, হিউ থির সাজানো সংসার তছনছ হয়ে যায়। পেশায় হিসাবরক্ষক থি স্বামীর সেবার জন্য চাকরি ছেড়েছিলেন। হাতে কোনো সঞ্চয় না থাকায় দুই সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে ওঠেন এবং বাজারে দই ও কুশিকাঁটার কাজ বিক্রি করে সংসার চালাতে শুরু করেন। বাবার মৃত্যুর পর ১২ বছর বয়সী থান তীব্রভাবে ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে। সব মিলিয়ে থি সন্তানদের খাদ্যাভ্যাস ও পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। ২০২১ সালে তিনি শহরের জমি-বাড়ি বিক্রি করে দুই সন্তানকে নিয়ে চলে যান ডাক লাক প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে।
গ্রামে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জীবনযাত্রা থেকে অনুপ্রাণিত হন থি। তিনি দেখেন, এই শিশুরা সকালে মা-বাবার সঙ্গে মাঠে কাজ করে আর বিকেলে স্কুলে যায়। অথচ তারা শহরের শিশুদের চেয়ে অনেক বেশি সুস্থ ও পরোপকারী। কোভিড-১৯ মহামারির সুযোগ নিয়ে তিনি সন্তানদের প্রথাগত স্কুল ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসেলাস অনলাইন প্রোগ্রামে ভর্তি করান। সেখানে সব বিষয় ইংরেজিতে পড়ানো হতো।
ছেলের গেমিং আসক্তি কাটাতে থি তার হাতে তুলে দেন কোদাল। মাটি কোপানো, আগাছা পরিষ্কার করা, পরিত্যক্ত বাড়ি মেরামত ও রং করা থেকে শুরু করে সবজি চাষ–সব কাজেই সন্তানদের যুক্ত করেন তিনি। বৃষ্টিতে ভেজা, ঝরনার পানিতে সাঁতার কাটা আর কৃষি কর্মশালায় বাঁশ কাটা বা জৈব চাষাবাদ শেখার মধ্য দিয়ে থানের কম্পিউটার আসক্তি পুরোপুরি কেটে যায়। ২০২৩ সালে সমুদ্রতীরবর্তী এক গ্রামে থাকার সময় থানকে একটি স্থানীয় কফিশপে কাজ করতে পাঠান তিনি। সেখানে ওয়েটারের কাজ, বাগান পরিচর্যা ও বিদেশি পর্যটকদের সঙ্গে ইংরেজিতে কথা বলার মাধ্যমে থান হয়ে ওঠেন আত্মবিশ্বাসী ও কর্মঠ।
কৃষিপণ্য অনলাইনে বিক্রি ও হোমস্টেতে অতিথি পাঠিয়ে জীবিকা নির্বাহ করা থি প্রতি তিন থেকে ছয় মাস পরপর নতুন শহরে পাড়ি জমাতেন। যাতায়াত সহজ করতে ২০২৫ সালের শুরুতে তিনি ৮০০ মিলিয়ন ভিয়েতনামি ডং খরচ করে একটি পুরোনো মোবাইল হোম কিনে সংস্কার করেন। এই গাড়ির ভেতরেই রয়েছে রান্নাঘর, ওয়াশিং মেশিন এবং মেয়ের সেলাই ও বেহালা বাজানোর আলাদা জায়গা। বর্তমানে থির দুই সন্তানই নিজেদের পড়াশোনার রুটিন নিজেরা তৈরি করে। থি কেবল একটি অ্যাপের মাধ্যমে তারা দিনে কত ঘণ্টা পড়ছে, তা পর্যবেক্ষণ করেন।
পাঁচ বছরের এই অদম্য যাত্রা শেষে হিউ থির উপলব্ধি, সবার জন্য সেরা কোনো একক শিক্ষাব্যবস্থা নেই। প্রতিটি শিশুর উপযোগী পরিবেশই তার জন্য সেরা শিক্ষা।

দৈনিক টার্গেট 























