দেশি পশুতেই কুরবানির চাহিদা পূরণ সম্ভব: কৃষিমন্ত্রী

জাতীয়

ঢাকার দিয়াবাড়ি হাট পরিদর্শনে গিয়ে কুরবানির পশু সরবরাহ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, এবছর দেশীয় পশুর সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং স্থানীয় উৎপাদন দিয়েই কুরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

রোববার (২৪ মে) সকালে রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়ি পশুর হাটে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকারের নজরদারি ও কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ঈদ পর্যন্ত এ ধরনের তৎপরতা আরও জোরদারভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর সব পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা, খামারি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি হাটে জাল টাকা শনাক্তের জন্য বিশেষ যন্ত্র স্থাপন করা হয়েছে এবং ব্যাংকিং লেনদেনের সুবিধাও রাখা হয়েছে, যাতে আর্থিক লেনদেন নিরাপদ ও স্বচ্ছ হয়।

পরিদর্শনের সময় এক গরু ব্যবসায়ী মন্ত্রীর কাছে হাটে গরু চুরির অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি শুনে মন্ত্রী সঙ্গে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গরুটি উদ্ধারের নির্দেশ দেন।

পরে তিনি হাটে উপস্থিত খামারি ও পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় তার সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।