ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রচারিত ‘ইটস আ ব্লান্ডারফুল লাইফ’—পর্বে স্প্রিংফিল্ড শহরকে ৬০ বছর ভবিষ্যতে নিয়ে যাওয়া হয়। ওই পর্বের একটি দৃশ্যে বয়স্ক লিসা সিম্পসনকে নিজ ডায়েরিতে বিদ্যুৎ বিপর্যয় নিয়ে লিখতে দেখা যায়। ডায়েরিতে তারিখ হিসেবে রয়েছে ১৭ নভেম্বর। এ দৃশ্য থেকেই অনলাইনে জল্পনা শুরু হয়েছে, সিরিজটির আরেকটি কথিত ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে কি না।
আরেক ব্যবহারকারী দাবি করেছেন, ‘প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের মাধ্যমে ক্ষমতাধর অভিজাতরা আসলে নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করে।’ তৃতীয় একজনের দাবি, ১৭ নভেম্বর হলো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম দিনের ৬৬৬ দিন পর।
তবে অনেকে এই দাবিকে ভুয়া বলে উল্লেখ করেছেন। তাঁদের যুক্তি, লিসার ডায়েরিতে ২০২৬ সালের কোনো উল্লেখ নেই। কেউ কেউ এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী গ্রোকের কাছেও বিষয়টি জানতে চেয়েছেন। জবাবে গ্রোক বলেছে, ‘এটি একটি ভাইরাল গুজব, যেখানে বাস্তব কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক বিষয় মিশিয়ে দেওয়া হয়েছে।’
গত সপ্তাহে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট এবং ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সরকারের জরুরি সতর্কবার্তা ব্যবস্থা পরীক্ষার কারণে ভিডিওটি নতুন করে আলোচনায় এসেছে। তবে এটি নিয়মিত জরুরি সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষা, বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সতর্কতা নয়। পরীক্ষার অংশ হিসেবে রেডিও, টেলিভিশন এবং কেবল ও স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা প্রচার করা হবে।
এর আগে চলতি বছরের শুরুর দিকেও ‘দ্য সিম্পসনস’-এর একটি পর্বকে ঘিরে এপস্টেইন ফাইলস বিতর্কের সঙ্গে মিল খুঁজে পেয়ে অনলাইনে আলোচনা তৈরি হয়েছিল। ২০০০ সালে প্রচারিত সিরিজটির ১২তম সিজনের ‘দ্য কম্পিউটার ওর মেনেস শুজ’—পর্বকে কেন্দ্র করে ওই আলোচনা শুরু হয়। পর্বটিতে প্রধান চরিত্র হোমার ইন্টারনেটের সন্ধান পেয়ে ‘মিস্টার এক্স’ ছদ্মনামে একটি গসিপ ব্লগ চালু করে। ব্লগের একটি পোস্টে সে লেখে, ‘একটি দ্বীপে থাকা কিছু পাগলাটে বিকৃত রুচির মানুষ গোপনে পুরো বিশ্ব পরিচালনা করছে।’
অনলাইনে ব্যবহারকারীরা ওই দৃশ্যের সঙ্গে জেফরি এপস্টেইনের মালিকানাধীন লিটল সেইন্ট জেমস ও গ্রেট সেইন্ট জেমস দ্বীপের মিল খুঁজে পান। দ্বীপ দুটি একত্রে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগ উঠেছিল এপস্টেইনের বিরুদ্ধে। ২০১৯ সালে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ম্যানহাটনের একটি কারাগারে মারা যান তিনি।

দৈনিক টার্গেট 





















