আন্তর্জাতিক সম্মেলনে কোরিয়া যাচ্ছেন সিফাত

রাজনীতি

আন্তর্জাতিক গণতন্ত্রবিষয়ক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’-এ বাংলাদেশ থেকে তরুণ রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বক্তৃতা দেবেন তিনি।

মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন সিফাত।

দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গুয়াংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন দেশের তরুণ নেতা, মানবাধিকারকর্মী ও গণতন্ত্রকর্মীরা অংশ নেবেন। এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও মেক্সিকোর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।

সম্মেলনে সালেহ উদ্দিন সিফাতের আলোচনার মূল বিষয় রাখা হয়েছে তরুণদের রাজনৈতিক জাগরণ ও গণতান্ত্রিক আন্দোলনের অভিজ্ঞতা। তিনি তার বক্তব্যে তুলে ধরবেন—বাংলাদেশের নতুন প্রজন্ম কীভাবে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে নিজেদের অবস্থান তৈরি করেছে এবং রাষ্ট্র সংস্কার, মানবাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত হয়েছে।

এছাড়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক সহযোগিতা এবং নাগরিক অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিয়েও মতামত তুলে ধরবেন বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়া সফরের সময় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার। এরই মধ্যে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ আলাদা আমন্ত্রণে সিউলে পৌঁছেছেন। সফরকালে সেখানকার প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে উভয় নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ‘মে ১৮ ফাউন্ডেশন’ দক্ষিণ কোরিয়ার ১৯৮০ সালের ঐতিহাসিক গুয়াংজু গণআন্দোলনের স্মৃতি ও আদর্শকে ধারণ করে কাজ করা একটি সংগঠন। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সংলাপ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।