ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী নেত্রীদের ব্যাপক সাড়া দেখা গেছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক নারী নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল সরগরম।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিনেই ৫৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন বলে দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। সকাল ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয় এবং দিনজুড়ে সেখানে আগ্রহী নারী নেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার সুযোগ পাবেন।
দলীয় সূত্র জানায়, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। পাশাপাশি ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
প্রথম দিন থেকেই নয়াপল্টন এলাকায় নারী নেত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। অনেকেই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন। ফলে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। নির্ধারিত এই তিন দিনের মধ্যেই আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকে রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক দক্ষতা এবং সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা বিবেচনা করে দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে। তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নিতে।
















Leave a Reply