বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার এই অগ্রগতি ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে।
বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল।
এদিকে, মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসকরা আশা করছেন, নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।















