রামিসার বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

রাজনীতি

রাজধানীতে শিশু রামিসাসহ দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকে। মিরপুরের রামিসা, ক্যান্টনমেন্টের তনু কিংবা বসুন্ধরার মুনিয়ার মতো ঘটনাগুলো এখনও মানুষের মনে আতঙ্ক তৈরি করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি রাজনৈতিক অঙ্গনেও নারীদের প্রতি অনৈতিক আচরণের অভিযোগ তুলে বলেন, দলীয় স্বার্থে কিংবা নেতাদের খুশি করতে নারীদের ব্যবহার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ধর্ষণ ও হত্যার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি করেন।

এনসিপি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, সমাজে নারীদের প্রতি সম্মানজনক মনোভাব গড়ে তুলতে না পারলে এ ধরনের অপরাধ কমবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠন সব জায়গায় সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মিছিল ও সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় জাতীয় নারীশক্তি ও যুবশক্তির নেতাকর্মীরাও অংশ নেন। আয়োজকরা জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিতে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।