রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিষ্পাপ এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকে ব্যথিত করেছে। রামিসার মতো কোমলমতি একটি শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎকে মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে এই নৃশংসতা। একই সঙ্গে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচে তার মস্তকবিহীন দেহ পাওয়া যায়। পরে বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার পেছনের বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক টার্গেট 


























