মেট্রোরেলের আউটসোর্সিং জনবল সরবরাহের চুক্তি নবায়নকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের অভিযোগ, চলমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করা একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, তারা প্যাকেজ-৩ এর আওতায় ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ ও মিরপুর-১১-এই পাঁচটি স্টেশনে সুপারভাইজার, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ইলেকট্রিশিয়ান/প্লাম্বার হেলপারসহ প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করে আসছে। বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত রয়েছে।
ই-মেইলে সেবা বন্ধের নির্দেশ
বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস জানায়, গত ২৮ আগস্ট ২০২৬ মেট্রোরেল কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জানায় যে, চুক্তি নবায়ন না হওয়ায় ৩১ আগস্ট রাত ১২টার মধ্যে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করতে হবে।
বৈষম্যের অভিযোগ
প্রতিষ্ঠানটির অভিযোগ, একই সময়ে কার্যাদেশপ্রাপ্ত এ.কে. ট্রেডার্স প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর চুক্তি নবায়ন পেলেও প্যাকেজ-৩ এর দায়িত্বে থাকা বৈশাখী সিকিউরিটি সার্ভিসেসকে নবায়ন দেওয়া হয়নি। তাদের দাবি, একই ধরনের চুক্তি ও একই মেয়াদ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত বৈষম্যমূলক।
আইআইএফসি কোম্পানির সঙ্গে চুক্তির অভিযোগ
বৈশাখী সিকিউরিটি সার্ভিসেসের দাবি, টেন্ডারে অংশগ্রহণ না করেই আইআইএফসি কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানটির মতে, এটি সরকারি ক্রয়বিধির পরিপন্থী এবং আইনগত প্রশ্নের জন্ম দেয়।
পিপিআর-২০২৫ এর বিধি ৯৯(৫) উল্লেখ
প্রতিষ্ঠানটি বলছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫-এর বিধি ৯৯(৫) অনুযায়ী সন্তোষজনক সেবা প্রদানকারী বিদ্যমান প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। তবে একই বিধির আওতায় অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ নেই বলেও তারা দাবি করেছে।
সন্তোষজনক সেবার প্রত্যয়নের দাবি
বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস জানায়, তাদের সেবার মান সন্তোষজনক হওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ ৮ জানুয়ারি ২০২৫ এবং ২৯ জুন ২০২৬ তারিখে দুটি সন্তোষজনক প্রত্যয়নপত্র প্রদান করেছে।
আর্থিক ক্ষতির আশঙ্কা
প্রতিষ্ঠানটির দাবি, মেট্রোরেলের সেবা অব্যাহত রাখতে তারা বাংলাদেশ কমিউনিটি ব্যাংক পিএলসি থেকে ১ কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। চুক্তি নবায়ন না হলে ঋণ পরিশোধে জটিলতা তৈরি হবে এবং প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেছে, আইন ও বিধিমালা অনুযায়ী তাদের সঙ্গে পূর্বের ন্যায় চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধি করা হোক এবং মেট্রোরেলের সেবা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়া হোক।
দৈনিক টার্গেট 























