শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে মুতাইরিকে। নির্ধারিত সময়ে তিনি টাকা দিতে ব্যর্থ হলে দায়ভার বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। এমনকি লঙ্কান ফেডারেশনও যদি অর্থ পরিশোধে গড়িমসি করে, তবে টুর্নামেন্টের বকেয়া বা খরচের হিসাব থেকে ওই ৫০০ ডলার কেটে সমন্বয় করে নেবে সাফ।
ঘটনার সূত্রপাত মূলত টুর্নামেন্ট চলাকালে আয়োজক ও রেফারিং নিয়ে মুতাইরির একের পর এক তীর্যক বক্তব্যকে কেন্দ্র করে। গ্রুপপর্বের ম্যাচে ভুটানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর সংবাদমাধ্যমের সামনে তিনি অভিযোগ তোলেন, আসরের স্বাগতিক দল সবসময় বাড়তি সুবিধা পেয়ে থাকে।
এখানেই থেমে না থেকে তিনি আরও দাবি করেন, ব্যবসায়িক মুনাফার লক্ষ্যে সাফ কর্তৃপক্ষ আগে থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল নিশ্চিত করতে চায়। এমন পূর্বপরিকল্পনা থাকলে বাকি দেশগুলোর অংশগ্রহণ অর্থহীন বলেও কটাক্ষ করেছিলেন এই কোচ।
গত ১১ নভেম্বর রাতে আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কা দল দেশের বিমান ধরলেও কোচের সেই বিতর্কিত অধ্যায়ের রেশ রয়েই গিয়েছিল।

দৈনিক টার্গেট 


























