সরেজমিনে স্টেডিয়ামে দেখা গেছে সংস্কারকাজের ছাপ। গ্যালারিতে নতুন চেয়ার, সংস্কার করা প্যাভিলিয়ন ও মিডিয়া ভবন, তিনতলা হোস্টেল এবং সচল ফ্লাডলাইট—সব মিলিয়ে বদলেছে মাঠের চেহারা। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস কোহিনুর এন্টারপ্রাইজের সহকারী প্রকৌশলী মো. রায়হান গাজী জানান, ২০২১ সালে শুরু হওয়া সংস্কারকাজের প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। দুই দফায় বাড়ানো হয়েছে কাজের মেয়াদ। ক্রীড়া সংস্থার একটি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন চেয়ার বসানোর পর স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২২ হাজারে দাঁড়িয়েছে।
অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় ক্রিকেটে সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন খেলোয়াড়েরা। বরিশাল জেলা দলের খেলোয়াড় মাইনুল ইসলাম সুজনের অভিযোগ, প্রায় ১০ বছর ধরে এই অঞ্চলে উল্লেখযোগ্য নতুন ক্রিকেটার তৈরি হয়নি। দল নির্বাচনে পক্ষপাতের কারণে যোগ্য খেলোয়াড়েরা সুযোগ হারাচ্ছেন বলেও দাবি তাঁর। স্থানীয় ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার পাশাপাশি দলের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি তুললেন জেলা দলের আরেক খেলোয়াড় জহিরুল ইসলাম রকি।
বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় সানিম চৌধুরী বলেন, ‘বরিশালে টার্ফ উইকেটে অনুশীলন এবং নিয়মিত চর্চার জন্য আলাদা মাঠ নেই। মূল স্টেডিয়াম ক্রিকেট বোর্ডের অধীনে থাকায় সেখানে ঘরোয়া লিগ আয়োজনের সুযোগও সীমিত।’ নতুন মাঠ তৈরি না হলে শুধু বড় ম্যাচ আয়োজন করে স্থানীয় ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন তিনি। বরিশাল ফরমার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর হাসান মোরশেদ সুমনের অভিযোগ, খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি কোচ ও ম্যানেজার নিয়োগে বিসিবির গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
বিসিবির বরিশাল জেলা ক্রিকেট কাউন্সিলর মঈনুদ্দীন রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া ১০ বছর বন্ধ ছিল। এখানকার মূল সমস্যা হলো মাঠ, প্রশিক্ষণের জায়গা ও সরঞ্জামের অভাব।’ রুবেল অভিযোগের সুরে আরও বলেছেন, ‘ক্রীড়াঙ্গনকে ব্যবসার কেন্দ্রে পরিণত করা হয়েছে। একটি শ্রেণি রাজধানী থেকে এসে ঝলমলে স্টেডিয়ামে প্রদর্শনী করে চলে যেতে চায়।’ মঈনুদ্দীনের প্রশ্ন, ‘ঢাকার খেলোয়াড় দিয়ে বরিশালের দল পরিচালনা করা হলে স্থানীয় খেলোয়াড়দের ভবিষ্যৎ কী হবে?’
আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে বরিশালকে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নও দরকার। নিয়মিত বড় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিবেশ তৈরিতে উন্নত হোটেল ও নিয়মিত বিমান চলাচল জরুরি।

দৈনিক টার্গেট 


























