বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিবিসি জানায়, গতকাল বুধবার সেনেগালের রাজধানী ডাকারের দক্ষিণে ইয়েন গ্রামসংলগ্ন উপকূলে নৌকাটি ভেসে আসে। নৌকাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এর ভেতরে যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্রও পাওয়া গেছে। বুধবার দিনভর উদ্ধার অভিযান চালানোর পর বৃহস্পতিবার আবারও তল্লাশি শুরুর কথা রয়েছে।
গ্রামপ্রধানের প্রতিনিধি ওমর সো জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘নৌকাটি থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। এমনকি সৈকত থেকেও সেই চিৎকার শোনা যাচ্ছিল।’
পুলিশের জিজ্ঞাসাবাদে এক জীবিত ব্যক্তি জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন নারী ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পরিচয়পত্র, বেশ কয়েকটি মুঠোফোন এবং ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কাগজও রয়েছে।
এ ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় থিয়েপ্পে শহরের উপকূলে আরেকটি নৌডুবিতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। দেশটির অভিবাসন ইতিহাসে সেটি ছিল অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে সেনেগালের প্রেসিডেন্ট দিয়োমায়ে ফায়ে ইউরোপে পৌঁছানোর আশায় অনিয়মিতভাবে সমুদ্রপথে দেশ ছাড়ার প্রবণতা আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। বিপজ্জনক এই যাত্রার পেছনের কারণ অনুসন্ধান এবং সমস্যা মোকাবিলায় করণীয় নির্ধারণ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এর আগে গত মাসের নৌদুর্ঘটনার পরও নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপযাত্রা না করার আহ্বান জানিয়েছিলেন ফায়ে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম গত মাসে জানিয়েছে, চলতি বছর পশ্চিম আফ্রিকার উপকূলে অন্তত ৪৫৪ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক নৌকা নিখোঁজ হওয়ার পর সেগুলোর কোনো যাত্রী বা ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় না।
উত্তর আফ্রিকার দেশগুলোতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় অভিবাসীরা এখন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে ইউরোপে প্রবেশের বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন। এ যাত্রায় তাঁরা প্রায়ই কাঠের তৈরি ‘পিরোগ’ নামের নৌকা ব্যবহার করেন। দীর্ঘ আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার উপযোগী নয় এসব নৌকা। তার ওপর অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীদের অধিকাংশই সেনেগালের নাগরিক। কর্মসংস্থানের সীমিত সুযোগ, পারিবারিক চাপ এবং প্রতিষ্ঠিত অভিবাসন নেটওয়ার্ক তাঁদের দেশ ছাড়তে উৎসাহিত করছে।
গত ৭ নভেম্বর অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চলতি মাসের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। সংখ্যাটি দ্বীপটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

দৈনিক টার্গেট 

























