প্রাথমিক শিক্ষায় গুণগত উন্নয়নে দুই দেশের আলোচনা

রাজনীতি

থাইল্যান্ডের সঙ্গে প্রাথমিক শিক্ষাখাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি আজ তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষক সংকট, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও সার্বিকভাবে শিক্ষার্থীদের শেখার দক্ষতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তার মতে, দক্ষ শিক্ষক ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা গেলে প্রাথমিক শিক্ষার মানে বড় পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও জানান, থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সরাসরি ধারণা নিতে বাংলাদেশ আগ্রহী এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রশাসন ও নেতৃত্ব উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে দুই দেশের শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত মতবিনিময় ও কারিগরি সহযোগিতার পরিকল্পনাও রয়েছে।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, থাইল্যান্ড তাদের শিক্ষা প্রশাসন, প্রশিক্ষণ পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো: সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং থাই দূতাবাসের কর্মকর্তারা।

শিক্ষা সহযোগিতাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই আলোচনা ভবিষ্যতে আরও বিস্তৃত অংশীদারিত্বের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।