ইংল্যান্ডের কাউন্টি ওয়ানডে কাপে ব্যাট হাতে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন হ্যাম্পশায়ারের ব্যাটার টবি অ্যালবার্ট। সাসেক্সের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলতে গিয়ে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে অনন্য এক নজির স্থাপন করেছেন তিনি।
তবে এই কীর্তি কোনো এক ওভারে নয়। একটি ওভারের শেষ দুই বল এবং পরের ওভারের প্রথম চার বলে ছয় মেরে বিরল এই রেকর্ড গড়েন অ্যালবার্ট। মাত্র ৩৭ বল মোকাবিলা করে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছক্কার ঝড়।
অ্যালবার্টের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৩ রানের বিশাল সংগ্রহ গড়ে হ্যাম্পশায়ার। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে দলটির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০২২ সালে কেন্টের বিপক্ষে ৩৯৬/৫ রান করেছিল তারা।
ইনিংসের শেষভাগে ব্যাট করতে নেমেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন অ্যালবার্ট। ৪৩তম ওভারের শেষ দুই বলে ছক্কা মেরে শুরু করেন তার ঝড়ো ব্যাটিং। এরপর পরবর্তী ওভারের প্রথম চার বলই মাঠের বাইরে পাঠিয়ে টানা ছয় বলে ছয় ছক্কার বিরল কীর্তি স্পর্শ করেন। একই সঙ্গে মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতকের রেকর্ডও নিজের করে নেন।
অ্যালবার্টের আগেই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছিলেন দলের শীর্ষ সারির ব্যাটাররা। বেন মায়েস ১১৫ বলে ১০৯ রানের ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন। ওপেনার আলি ওরও দারুণ একটি সেঞ্চুরি করেন। তাদের জুটিতে ৩৫ ওভারের মধ্যেই ২২৫ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার।
এরপর ইনিংসের শেষ দিকে টবি অ্যালবার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ হয় এবং দলটি বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়।

দৈনিক টার্গেট 
























