রাজা তখনো জানতেন না, তিন বছর আগে সমুদ্রযাত্রায় বেরিয়ে নিখোঁজ হওয়া ফরাসি নৌ-অভিযাত্রী লা পেরুজের ভাগ্যে কী ঘটেছে। এবার সেই রহস্যময় অভিযানের নতুন তথ্য সামনে এসেছে বিরল কিছু ব্যক্তিগত চিঠির মাধ্যমে। চিঠিগুলো লিখেছিলেন লা পেরুজের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের অপর সদস্য ফরাসি বিজ্ঞানী জ্যঁ-আন্দ্রে মঙ্গেজ। ১৭৮৮ সালে জাহাজ থেকে মঙ্গেজের লেখা চিঠিগুলোতে উঠে এসেছে অভিযানের অভিজ্ঞতার পাশাপাশি এক অভিজাত পরিবারের বিবাহিত নারীর প্রতি তাঁর গভীর আবেগের কথাও।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ লুদোভিক মিরাঁ চিঠিগুলোকে ‘অলৌকিক আবিষ্কার’ বলে অভিহিত করেছেন। আগামী ১৭ নভেম্বর প্যারিসের হোটেল দ্রু-তে নিলামকারী প্রতিষ্ঠান দাগ-এর আয়োজিত নিলামে চিঠিগুলো বিক্রি হওয়ার কথা। এগুলোর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ইউরো।
ধারণা করা হয়, কয়েক মাস পর সলোমন দ্বীপপুঞ্জের পূর্বে ভানিকোরো দ্বীপের প্রবালপ্রাচীরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজ দুটি ডুবে যায়। ১৮২৬ ও ১৯৬৪ সালে ধ্বংসাবশেষের সন্ধান মিললেও ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে সেগুলোর পরিচয় নিশ্চিত করা হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট বিবরণ আজও অজানা।
নতুন আবিষ্কৃত চিঠিগুলো মঙ্গেজ লিখেছিলেন নরমঁদির রুয়াঁ শহরের অভিজাত পরিবারের মেয়ে লুইজ ভিক্তোয়ার ল্য ক্লুস্তিয়েকে। তাঁর বিয়ে মেনে নিতে না পারার বেদনা এবং অতীত আচরণের জন্য অনুশোচনা চিঠিগুলোতে স্পষ্ট। মিরাঁর ভাষ্য অনুযায়ী, মঙ্গেজ বারবার লিখেছেন, ফিরে এসে তিনি আরও ভালো মানুষ হয়ে উঠবেন।
চিঠিতে মঙ্গেজ জানিয়েছেন, খ্যাতির আকাঙ্ক্ষা ও নতুন জ্ঞান অর্জনের ইচ্ছা তাঁকে অভিযানে টেনেছিল। তবে বিশেষজ্ঞদের ধারণা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও বিপজ্জনক যাত্রায় তাঁর যোগ দেওয়ার পেছনে ভূমিকা রেখেছিল। শেষ চিঠিতে তিনি অভিযানের দুঃখজনক পরিণতির কথা জানিয়ে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
১৮২১ সালে মারা যান ল্য ক্লুস্তিয়ে। তিনি জীবদ্দশায় মঙ্গেজ কিংবা অভিযানের পরিণতি জানতে পারেননি। তবু চিঠিগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন। উনিশ শতকের একটি সাধারণ চিত্রখোদাইয়ের বই বিক্রির প্রস্তুতির সময় সেগুলো খুঁজে পান নিলামকারী বেনোয়া দেরুয়িনো। তাঁর ধারণা, ব্যক্তিগত ও প্রেমঘন বিষয়বস্তু প্রকাশিত হওয়ার আশঙ্কায় চিঠিগুলো গোপন রাখা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, চিঠিগুলো শুধু নিখোঁজ নৌ-অভিযানের ইতিহাস নয়, অষ্টাদশ শতাব্দীর দীর্ঘ সমুদ্রযাত্রায় বিজ্ঞানীদের মানসিক সংগ্রাম, ভয়, শোক ও ব্যক্তিগত সম্পর্ক বোঝারও এক বিরল সুযোগ।

দৈনিক টার্গেট 


























