বাংলাদেশের ফেবারিট হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসাও। ঢাকায় পা রেখেই তিনি বলেছেন, ‘আমার কাছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই।’ ফেবারিটদের ক্রমবিন্যাস করতে গিয়ে তাঁর অবস্থান ছিল আরও স্পষ্ট। নওশাদের মতে, প্রথমে বাংলাদেশ, এরপর ভারত এবং তৃতীয় স্থানে পাকিস্তান।
ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে সবদিক থেকেই এগিয়ে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮২। অন্যদিকে ভুটান আছে ১৯২ নম্বরে। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশের আধিপত্য। ১৭ ম্যাচের ১৩টিতেই জিতেছে দল। তবে লক্ষ্য যখন শিরোপা জেতা, তখন কেবল ভুটান ম্যাচের দিকে না তাকিয়ে সামগ্রিকভাবেই ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ।
ডুলি বলেন, ‘আমি সব সময় বলেছি, ইতিবাচক চিন্তা করতে হবে। যদি মনে করি, এটা সম্ভব নয়, তাহলে কখনোই সম্ভব হবে না। আমরা লড়াই করতে পারব, ভালো ফুটবল খেলতে পারব—এই বিশ্বাস রাখতে হবে। সমর্থকদের উপস্থিতি, শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা, ইতিবাচক চিন্তা আর একে অপরকে সহযোগিতা করে প্রয়োজনীয় দল গড়ে তোলার মাধ্যমে হয়তো নিজেদের ভেতর আরও ৫ থেকে ১০ শতাংশ শক্তি বাড়াতে পারি। সফল হতে হলে আমাদের এমন দলই দরকার।’
অধিনায়ক তপু বর্মণও এবার চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ দেখছেন বাংলাদেশের জন্য, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে রক্ষণভাগ থেকে পুরো দলকে সহযোগিতা করার চেষ্টা থাকবে, গোলরক্ষকও থাকবেন। আমার মনে হয়, এর চেয়ে ভালো সময় আমরা আর পাব না। ঘরের মাঠে সাফ ফুটবল আয়োজন আমাদের জন্য বড় সুযোগ। ২০০৫ সালের দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করলে আমার মনে হয়, অনেক পার্থক্য রয়েছে। সেই বিবেচনায় আমাদের সম্ভাবনাও বেশি। তবে সবাই যদি সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে পারি এবং দলীয় সমন্বয়ের মাধ্যমে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।’

দৈনিক টার্গেট 



























