আজ রোববার রাত ৮টার দিকে বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির সামনে থাকা সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনকে পাশে সরে যেতে বলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিছিল চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল ও আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে ফিরোজ বাজার ব্রিজ এলাকায় পৌঁছালে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের হামলায় ফিরোজসহ অন্তত পাঁচজন আহত হন।
আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন, বাজার করার উদ্দেশ্যে ব্রিজের ওপর গেলে সাদেকের নেতৃত্বে রেদওয়ান, রানা, নয়নসহ ৮-১০ জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদেক হোসেন জানান, মিছিলে তাঁর বাবাকে আপেল ফিরোজ ধাক্কা দেওয়ায় পায়ের একটি নখ উঠে যায়। এ বিষয়ে ফিরোজের কাছে জানতে গেলে তিনি তাঁকে ঘুষি মেরে আহত করেন। পরে তিনি ফিরোজকে শুধু একটি ধাক্কা দিয়েছেন বলে দাবি করেন সাদেক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 























