আজ সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সনেট মোল্লা (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে। তাঁর সহযোগী ও শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে মো. আশিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নরসিংদী সদর থানা-পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেট মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সনেটের দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, নরসিংদীসহ বিভিন্ন জেলায় সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে।

দৈনিক টার্গেট 






















