আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’—শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘অনেক শিশু এখন অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল যন্ত্রে ব্যয় করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন বদলে যাবে, কিছু কাজের প্রয়োজনীয়তাও কমে আসবে। তাই আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তাদের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।’
শিক্ষকদের বেতন প্রসঙ্গে নিজের আগের এক বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি শিক্ষকদের বেতন পর্যাপ্ত বলেছি—এমন ধারণা সঠিক নয়। সেখানে বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। আগামী প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের এ পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়তে সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও শিক্ষা উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, তা নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।’
সভায় ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা সংক্রান্ত সমীক্ষার ফলাফল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের প্রধান পরামর্শক মো. আতাউল গনি ওসমানি।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সভার শুরুতে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ।

দৈনিক টার্গেট 























