মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। একারণেই কাতারে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে গতকাল খেলোয়াড়দের এ বিষয়ে জানানো হয়েছে। ‘ইউএস সকার কালেক্টিভ’ নামের অ্যাকাউন্ট থেকে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
কোচ অ্যালেক্স অ্যালডাজের অধীনে চলতি সপ্তাহে আটলান্টায় যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরুর কথা ছিল। কদিন আগেই দলটির স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। সেই দলে ছিলেন মালিক জাকুপোভিচ, রবার্ট তুরদিয়ান এবং ভিনি গার্সিয়া। যাঁদের মধ্যে জাকুপোভিচ খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে। তুরদিয়ানের দল শিকাগো ফায়ার এবং ভিনি গার্সিয়া খেলেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে।
২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরুর কথা ছিল যুক্তরাষ্ট্রের। তাদের গ্রুপে আরও ছিল চিলি ও আলজেরিয়া। তবে যুক্তরাষ্ট্র তো খেলবেই না এই বিশ্বকাপ। যদিও বয়সভিত্তিক বিশ্বকাপ বর্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার ফেডারেশন) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ফিফা সম্প্রতি অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে। আগে প্রত্যেক দুই বছর পরপর হতো এই টুর্নামেন্ট। তবে গত বছর থেকে প্রতি বছর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর এই প্রতিযোগিতার আয়োজক কাতার। এ ছাড়া ২০২৫ সাল থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে।
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেরা সাফল্য ১৯৯৯ সালে চতুর্থ হওয়া। সবশেষ ২০১৫ সালে মরক্কোর কাছে হেরে শেষ বত্রিশেই বিদায় নিয়েছিল মার্কিনীরা। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে ২১তম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। প্রথম দিনই হবে আট ম্যাচ। যার মধ্যে আয়োজক কাতার উদ্বোধনী দিনে খেলতে নামবে পানামার বিপক্ষে।
-702c72-256x144.webp)
দৈনিক টার্গেট 

























