বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।
নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর ধারণা, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আলামত সংগ্রহ করেনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনাটি সুপরিকল্পিত উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এ ঘটনার সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ বিষয়ে দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

দৈনিক টার্গেট 
























