নিহত দুজন হলো বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও তাঁর মেয়ে সম্প্রীতি (৯)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার জান্নাত পেট্রলপাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 
























